অবাধ নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে: আমিনুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অবাধ নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে: আমিনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
অবাধ নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে: আমিনুল হক ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ঢাকা-১৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তাঁর অভিযোগ, জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে রাজধানীর মিরপুর-১১ এলাকার আদর্শনগরে গণসংযোগকালে এসব অভিযোগ করেন তিনি। গণসংযোগের সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নিজের অবস্থান তুলে ধরেন আমিনুল হক।

আমিনুল হক বলেন, শবেবরাত উপলক্ষে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তাঁর দাবি, অসহায় ও সাধারণ মানুষের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল হক জানান, এসব অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করেছেন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন বলে তিনি উল্লেখ করেন।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে নিজের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে আমিনুল হক বলেন, সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তাঁর মতে, ভোটাররা কোনো ধরনের অর্থ বা উপহারের প্রলোভনে পা দেবে না এবং নিজের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

গণসংযোগ কর্মসূচিতে আমিনুল হকের সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় নির্বাচনী পরিবেশ, ভোটারদের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালনের বিষয়েও আলোচনা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের কৃষি সংকট মোকাবিলায় আফ্রিকার জমি: সম্ভাবনার নতুন

বাংলাদেশের কৃষি সংকট মোকাবিলায় আফ্রিকার জমি: সম্ভাবনার নতুন