বাংলাদেশে জলবায়ু-সহনশীল উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ বিনিয়োগ এবং কার্বন ক্রেডিট খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা ১১টায় ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাবেক নির্বাহী পরিচালক, জাতিসংঘের সাবেক আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলহেইম।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রোক্লাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাভিন কুমার কান্দাসামি। তিনি দক্ষিণ এশিয়ায় কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, বায়োচার এবং টেকসই উন্নয়ন উদ্যোগ নিয়ে কাজ করা একজন আন্তর্জাতিক জলবায়ু উদ্যোক্তা।
বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, কার্বন ক্রেডিট, সবুজ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উভয়পক্ষ বাংলাদেশে জলবায়ু-সহনশীল উন্নয়নকে আরও গতিশীল করা এবং পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ বৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এসব অগ্রাধিকারমূলক খাতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারত্ব, টেকসই উন্নয়ন বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং সবুজ বিনিয়োগে যৌথ উদ্যোগ বাংলাদেশে টেকসই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারে
কসমিক ডেস্ক