পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে Rapid Action Battalion (র্যাব)। বিশেষ করে ঈদের জামাত এবং ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ও নজরদারি ব্যবস্থা।
শুক্রবার বিকেলে শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী জানান, এখন পর্যন্ত কোনো ধরনের বড় নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। তবে ঈদ জামাত চলাকালীন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন নজরদারি চালানো হবে।
তিনি আরও বলেন, ঈদের সময় বাসা-বাড়িতে চুরি ও ছিনতাই রোধে বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতেও নিয়মিত পেট্রোলিং কার্যক্রম চলবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়ক এবং রেলপথের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক আইন মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বা জ্বালানি বেশি দামে বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব জানায়, সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ৮টায় এই জামাত শুরু হবে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
ঈদ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক