বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমে ২২ হাজারের বেশি আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনগুলোর তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ না হওয়ায় এসব আবেদন বাতিল করা হয়েছে। তবে আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা পুনরায় আবেদন করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের এনআইডি শাখার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদেশে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৮৯৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৩ হাজার ২২৯ জন বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন।
তদন্ত শেষে ৪৭ হাজার ১৩২টি আবেদন অনুমোদন পেয়েছে। অন্যদিকে ২২ হাজার ৩৫২টি আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে ২ হাজার ৯৭৮টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ১০ হাজার ১৪১টি আবেদন সার্ভারে আপলোডের অপেক্ষায় রয়েছে এবং ৩৭ হাজার ১৬টি আবেদন ইতোমধ্যে সার্ভারে আপলোড করা হয়েছে।
অনুমোদিত আবেদনগুলোর মধ্যে ২২ হাজার ১৮টি এনআইডি কার্ড ইতোমধ্যে প্রিন্ট করা হয়েছে এবং সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা ২৩ হাজার ৯৪০। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে আবেদন এসেছে ১৭ হাজার ৩০টি। যুক্তরাষ্ট্র থেকে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৮১২টি। অন্যদিকে সবচেয়ে কম আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে, মাত্র ১২৬টি।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশে বসে ভোটার হতে হলে আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি বৈধ পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য নথি জমা দিতে হবে। সব তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার হিসেবে নিবন্ধন করা হয় এবং তার এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।
কসমিক ডেস্ক