বলিউড ও বাংলা সংগীতজগতে আলোড়ন সৃষ্টি করেছে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংহের সিনেমায় প্লেব্যাক গান ছাড়ার ঘোষণা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখন থেকে তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে অরিজিৎ লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।’
অরিজিতের এই ঘোষণার পর তার অনুরাগী ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সংগীতজগতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অরিজিৎ সিংহের বোন অমৃতা সিংহ। তিনি জানান, এই সিদ্ধান্তের কথা তিনি প্রথম জানতে পারেন গণমাধ্যমের মাধ্যমে। বিষয়টি নিয়ে খুব বেশি কিছু না জেনে শান্ত ও সংযত প্রতিক্রিয়া জানান তিনি।
অমৃতা বলেন, ‘দাদার সিদ্ধান্ত। আমি এই নিয়ে কী বলতে পারি?’ তিনি আরও বলেন, ‘দেখুন, আমি তখন গান রেকর্ডিং করছিলাম। কিছুই জানি না। খবরটা কতটা সত্যি বা আদৌ সত্যি কি না, সেটাও যাচাই করিনি। তা ছাড়া, দাদার কোনো বিষয়ে কি আমার বলা সাজে?’
তিনি জানান, কোনো শিল্পীর জীবনে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসা স্বাভাবিক এবং সেই পরিবর্তনকে সম্মান করা উচিত। এ বিষয়ে তিনি বলেন, দাদার নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মন্তব্য করেন না এবং ভবিষ্যতেও করবেন না।
অমৃতা আরও বলেন, ‘একদিন না একদিন তো সবই ছাড়তে হবে।’ তার এই বক্তব্যে শিল্পীর জীবনচক্র ও পরিবর্তনের বাস্তবতাই ফুটে ওঠে বলে মনে করছেন অনেকে।
অরিজিতের এই ঘোষণায় তার ভক্তরা হতবাক হলেও সংগীতজগতের কিছু সূত্রের দাবি, এটি স্থায়ী অবসর নাও হতে পারে। তাদের মতে, গলার বিশ্রামের জন্য সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত হতে পারে এটি। তবে এ বিষয়ে এখনো অরিজিৎ সিংহ নিজে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
বর্তমানে অরিজিৎ সিংহ গান গাওয়ার পাশাপাশি পরিচালনার দিকেও মনোযোগ দিচ্ছেন। তার পরিচালিত প্রথম বাংলা ছবি ‘সা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি তিনি একটি হিন্দি ছবির পরিচালনাতেও যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
সংগীত ও চলচ্চিত্র—দুই অঙ্গনেই অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, সে বিষয়ে আপাতত অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
কসমিক ডেস্ক