প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের ছবির ক্যাপশন:
ad728

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো সিনেমার গান গাইবেন না—এমন ঘোষণায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও ধোঁয়াশা। প্রজাতন্ত্র দিবসে একটি নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। হঠাৎ এমন ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি লেখেন, “প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।” এই সংক্ষিপ্ত ঘোষণাই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

তবে সংগীত থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না—এ বিষয়টি দ্রুতই পরিষ্কার করেন অরিজিৎ সিং। তিনি লেখেন, “পরিষ্কার করে বলছি—আমি সংগীতের কাজ বন্ধ করছি না।” কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন। তাঁর ভাষায়, “এই বছর কিছু রিলিজ পাবেন।”

অরিজিতের এই ঘোষণার পর অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল তীব্র ও আবেগঘন। কেউ হতবাক, কেউ আবার দুঃখ প্রকাশ করে লিখেছেন, প্রিয় কণ্ঠকে সিনেমার গানে আর না পাওয়ার ভাবনাই তাঁদের কষ্ট দিচ্ছে। এক ভক্ত মন্তব্য করেন, “টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের সময় যেমন ধাক্কা লেগেছিল, ঠিক তেমনই অনুভূতি হচ্ছে।”

প্রেমের গান, বিচ্ছেদের বেদনা, নাচের তালে কিংবা ভক্তিগীতিতে—সব ধারাতেই অরিজিতের কণ্ঠ সমান জনপ্রিয়। তাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ভক্তদের উৎকণ্ঠা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সংগীতযাত্রা। সহজ ছিল না সেই পথ। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা পাননি তিনি। পরে আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়েন।

২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির জন্য গান রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার হয়নি। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গান দিয়ে তাঁর প্লেব্যাক যাত্রার আনুষ্ঠানিক শুরু। তবে ২০১৩ সালে ‘আশিকি ২’–এর ‘তুম হি হো’ গান তাঁকে পৌঁছে দেয় তারকাখ্যাতির শীর্ষে।

এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন অরিজিৎ সিং। বর্তমানে তিনি কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়কদের একজন।

প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা স্থায়ী সিদ্ধান্ত নাকি নতুন কোনো সৃজনশীল অধ্যায়ের সূচনা—তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত অরিজিতের কথায় একটি বিষয় পরিষ্কার—গান থামছে না, বদলাচ্ছে কেবল তার পথ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জরিপে রাজনৈতিক পছন্দে বড় পরিবর্তন, আ.লীগ সমর্থকদের বড় অংশ বি

জরিপে রাজনৈতিক পছন্দে বড় পরিবর্তন, আ.লীগ সমর্থকদের বড় অংশ বি