ফুটবল বিশ্বকাপ মানেই কেবল মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বর্ণিল আয়োজন, সংস্কৃতির প্রদর্শনী এবং বিশ্বসেরা তারকাদের উপস্থিতি। ২০২৬ ফিফা বিশ্বকাপেও সেই ঐতিহ্য বজায় রেখে আয়োজক তিন দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। তবে বিশ্বকাপ উৎসবকে আরও বিস্তৃত করতে কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ জুন টরন্টোর বিখ্যাত বিএমও ফিল্ডে। এই অনুষ্ঠানে অংশ নেবেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া কারা। এছাড়াও দেশটির আরও কয়েকজন পরিচিত শিল্পী মঞ্চে পরিবেশনা করবেন। আয়োজকরা কানাডার সংস্কৃতি, বৈচিত্র্য ও সংগীত ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১২ জুন, যা বাংলাদেশ সময় অনুযায়ী ১৩ জুন ভোরে অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বিশ্ববিখ্যাত শিল্পীদের অংশগ্রহণ দর্শকদের বাড়তি আকর্ষণ যোগ করবে।
অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা, র্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিট্টা, নাইজেরিয়ান শিল্পী রেমা এবং আফ্রিকার জনপ্রিয় তারকা টাইলা। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান।
একই দিনে সোফাই স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। ফলে ফুটবল এবং সংগীত—দুই জগতের তারকাদের উপস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে তৈরি হবে উৎসবমুখর পরিবেশ।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। আয়োজকদের আশা, এই আয়োজন শুধু খেলাকেই নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে।
কসমিক ডেস্ক