আসন্ন ফুটবল বিশ্বকাপ শুধু খেলার উত্তেজনাই নয়, জমকালো সাংস্কৃতিক আয়োজনের কারণেও আলোচনায় রয়েছে। এবারই প্রথম তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আলাদাভাবে আয়োজন করবে উদ্বোধনী অনুষ্ঠান। আর এই বিশাল আয়োজনের একটি অংশে দেখা যাবে একজন বাংলাদেশিকেও।
বাংলাদেশি-আমেরিকান ডিজে Sanjay Dev কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশি সংগীতপ্রেমী ও ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানেই হবে টুর্নামেন্টের মূল উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছে, উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড Maná। এছাড়া সংগীত পরিবেশন করবেন মেক্সিকোর খ্যাতিমান শিল্পী Alejandro Fernández ও Belinda।
পরদিন কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে দেশটির প্রথম বিশ্বকাপ ম্যাচ। সেখানে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ হবে Bosnia and Herzegovina। ম্যাচের আগে আয়োজিত বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন শিল্পীর সঙ্গে পারফর্ম করবেন সঞ্জয় দেব।
কানাডা পর্বের অনুষ্ঠানে আরও থাকবেন Alanis Morissette, Michael Bublé, Alessia Cara এবং William Prince।
বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পীর বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণ দেশের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সংগীত জগতে আন্তর্জাতিক পর্যায়ে ধীরে ধীরে পরিচিতি তৈরি করা সঞ্জয় দেব ইতোমধ্যে উত্তর আমেরিকার বিভিন্ন বড় আয়োজনে পারফর্ম করেছেন। তবে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে অংশ নেওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপের শেষ পর্বের উদ্বোধনী আয়োজনে যুক্তরাষ্ট্রে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা Katy Perry। আয়োজকরা জানিয়েছেন, এবারের বিশ্বকাপে ফুটবলের পাশাপাশি বৈচিত্র্যময় সংস্কৃতি ও সংগীতের এক বিশ্বমঞ্চ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। ফলে প্রতিটি স্বাগতিক দেশ নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও বিনোদন জগতকে বিশ্বদরবারে তুলে ধরতে বিশেষ আয়োজন করছে।
বাংলাদেশি দর্শকদের কাছেও বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সঞ্জয় দেবকে অভিনন্দন জানিয়ে অনেকেই পোস্ট করছেন। অনেকের মতে, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্বের একটি ইতিবাচক উদাহরণ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সবসময়ই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে থাকে। এবার সেই মঞ্চে একজন বাংলাদেশির উপস্থিতি নিঃসন্দেহে দেশের জন্য একটি গর্বের মুহূর্ত হয়ে থাকবে।
কসমিক ডেস্ক