চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে নির্দিষ্ট ‘ফুয়েল কার্ড’ ছাড়া ফিলিং স্টেশন থেকে তেল কেনা যাবে না। আগামী ১ এপ্রিল থেকে জেলাজুড়ে এই নিয়ম কার্যকর করা হচ্ছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান এবং চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পাম্প মালিক সমিতির নেতারা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় জানানো হয়, সোমবার (৩০ মার্চ) থেকে চুয়াডাঙ্গা জেলার সব তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া, ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এই কার্ড ছাড়া কোনোভাবেই তেল ক্রয় করা যাবে না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন কাগজপত্র এবং এক কপি ছবি সঙ্গে আনতে হবে।
প্রশাসনের মতে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক