মহাকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা উন্মোচন করল যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর The Pentagon মোট ১৬১টি নথি প্রকাশ করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে।
প্রকাশিত এই নথিগুলোতে ১৯৬০ ও ৭০-এর দশকের Apollo program-এর সময়কার নানা অজানা অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বিশেষ করে অ্যাপোলো ১১ মিশনের নভোচারী Buzz Aldrin মহাকাশে উজ্জ্বল অজানা আলোর উৎস দেখার দাবি করেছিলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অ্যাপোলো ১২ ও অ্যাপোলো ১৭ মিশনের অন্যান্য নভোচারীরাও। এছাড়া ১৯৬৫ সালের জেমিনি ৭ মিশনের অডিও রেকর্ডিংয়ে “বোগি” নামে একটি অজ্ঞাত বস্তুর উল্লেখ পাওয়া গেছে, যা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুধু মহাকাশ নয়, পৃথিবীর বিভিন্ন স্থান থেকেও ইউএফও দেখার বহু রিপোর্ট এই নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ক্যামেরায় ধরা পড়া ডিম্বাকৃতির রহস্যময় বস্তু এবং সাধারণ নাগরিকদের দেখা ধাতব উড়ন্ত বস্তু সম্পর্কিত বিবরণ।
২০২২ সালে মার্কিন কংগ্রেস এ বিষয়ে প্রথমবারের মতো শুনানি আয়োজন করে স্বচ্ছতার ওপর জোর দেয়। পরবর্তীতে সামরিক বাহিনীও ধাপে ধাপে তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দেয়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ভিনগ্রহের প্রাণ বা অজানা মহাজাগতিক ঘটনার বিষয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। তবে কিছু সমালোচক মনে করছেন, এসব তথ্য প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু থেকে জনদৃষ্টি সরানো হতে পারে।
তবে পেন্টাগন জানিয়েছে, এসব নথি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আরও তথ্য প্রকাশ করা হবে।
কসমিক ডেস্ক