এশিয়ার জ্বালানি সংকটে ১০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা জাপানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এশিয়ার জ্বালানি সংকটে ১০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা জাপানের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
এশিয়ার জ্বালানি সংকটে ১০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা জাপানের ছবির ক্যাপশন:

ইরানকে ঘিরে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহে বাধার কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জাপান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১০ বিলিয়ন ডলারের একটি সহায়তা কাঠামো ঘোষণা করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এই সহায়তার মূল লক্ষ্য।

বুধবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ ঘোষণা দেন। তিনি বলেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে জাপান সরবরাহ চেইনের মাধ্যমে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে।

হরমুজ প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বে পরিবাহিত তেল ও গ্যাসের বড় অংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১০ বিলিয়ন ডলারের সহায়তা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রায় এক বছরের তেল আমদানির সমপরিমাণ। এই অর্থ জাপানের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে।

এতে অংশ নিচ্ছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স এবং এশীয় উন্নয়ন ব্যাংক-এর মতো প্রতিষ্ঠান।

এই উদ্যোগকে বাংলাদেশসহ ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো স্বাগত জানিয়েছে।

প্রধানমন্ত্রী তাকাইচি জানিয়েছেন, এই পদক্ষেপ জাপানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি জানান, ২০২৫ সালের শেষে জাপানের মজুত তেল দিয়ে প্রায় ২৫৪ দিনের চাহিদা পূরণ সম্ভব ছিল, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে ইতোমধ্যে মজুত থেকে কিছু তেল বাজারে ছাড়া শুরু হয়েছে।

গত মাসে জাপান রেকর্ড পরিমাণে প্রায় ৫০ দিনের চাহিদার সমপরিমাণ তেল বাজারে ছাড়ে। আগামী মে মাসের শুরুতে আরও ২০ দিনের মজুত বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে জ্বালানি সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ বাড়ছে। অনেক দেশে মানুষকে জ্বালানি সাশ্রয়ের জন্য কারপুলিং করতে এবং এয়ারকন্ডিশনার কম ব্যবহার করতে বলা হচ্ছে। ফিলিপাইন ইতোমধ্যে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, কোনো একক দেশের পক্ষে এত বড় জ্বালানি সংকট একা মোকাবিলা করা সম্ভব নয়। তিনি আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগি চুক্তি আরও সক্রিয় করার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ এশিয়ার জ্বালানি বাজারে সাময়িক স্থিতিশীলতা আনতে পারে, তবে দীর্ঘমেয়াদে সমুদ্রপথ নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনৈতিক সমঝোতা ছাড়া সংকট পুরোপুরি সমাধান সম্ভব নয়।A


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অভয়নগরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ৯

অভয়নগরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ৯