নির্মাতা Hasan Jahangir পরিচালিত ‘Contract Marriage’ সিনেমার ট্রেলার প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নাটককে দীর্ঘ করে সিনেমা হিসেবে মুক্তির অভিযোগের মধ্যেই ট্রেলারটি ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা।
বৃহস্পতিবার (৭ মে) ট্রেলারটি প্রকাশ করা হলে কয়েক ঘণ্টার মধ্যেই নির্মাতার ফেসবুক পোস্টে হাজারো মন্তব্য জমা পড়ে। তিন হাজারের বেশি মন্তব্যে অনেক দর্শক ট্রেলারটিকে ‘জঘন্য’ বলে আখ্যা দেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এমন কনটেন্ট নির্মাণে কেন অর্থ ব্যয় করা হচ্ছে এবং এটি আদৌ দর্শক পাবে কি না।
সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন হাসান জাহাঙ্গীর। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা Moushumi।
এদিকে অভিনেতা Omar Sani এক ভিডিও বার্তায় দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি নাটক ছিল, যা যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। তিনি আরও বলেন, দর্শকরা যেভাবে মৌসুমীকে দেখতে অভ্যস্ত, এই কাজটি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানান।
পরবর্তীতে নিজের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য দেন মৌসুমী। তিনি জানান, নির্মাতার অনুরোধে তিনি একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন। পরে তাকে বলা হয়, অতিরিক্ত ফুটেজের কারণে এটি টেলিছবি হিসেবে মুক্তি পাবে। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন, সেটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে।
সিনেমাটির অন্য অভিনয়শিল্পী জেবা জান্নাত ও সিয়াম মৃধাও একই অভিযোগ করেছেন। তাদের মতে, নাটকের কাজকে সিনেমা হিসেবে উপস্থাপন করায় চলচ্চিত্র অঙ্গনের স্বচ্ছতা ও পেশাগত মান নিয়ে প্রশ্ন উঠছে।
তবে এসব সমালোচনা ও অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তার দাবি, সিনেমাটি মুক্তির পর দর্শক ইতিবাচক বার্তা পাবে।
উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে থেকেই বিতর্কে জড়ানো এই সিনেমা শেষ পর্যন্ত দর্শক গ্রহণ করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।