ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে মহসিন নাকভি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে মহসিন নাকভি

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে মহসিন নাকভি ছবির ক্যাপশন:

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের এক গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার (৮ মে) ঢাকা আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর পাকিস্তান সরকারের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হিসেবে কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ সহযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহসিন নাকভি শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে তার স্ত্রীও সঙ্গে থাকবেন। তাদের অভ্যর্থনা জানাতে প্রয়োজনীয় প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।

সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান হাইকমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সফরকারী প্রতিনিধিদলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অতিথিদের জন্য ঐতিহ্যবাহী দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি উপহার হিসেবেও প্রস্তুত রাখা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মাদক পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন, আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সমঝোতা স্মারক সইয়ের পর প্রতিনিধিদলসহ মধ্যাহ্নভোজে অংশ নেবেন দুই দেশের কর্মকর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন মহসিন নাকভি। সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন। সেখানে দুই দেশের ক্রিকেট সহযোগিতা ও ভবিষ্যৎ সিরিজ নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

দুই দিনের সফর শেষে আগামী ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময় ও সাইবার অপরাধ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় বাড়ানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা, তদন্ত করবে পুলিশ

১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা, তদন্ত করবে পুলিশ