ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে এক অদ্ভুত পারিবারিক সম্পর্কের ব্যাখ্যা। বিশিষ্ট বক্তা ও ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো অ্যান্ড কনসালটেন্ট’-এর প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমী বুধবার (৬ মে) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন, যা দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
পোস্টে কাসেমী জানান, জনৈক হাফেজ ইমাম উদ্দিনের মাধ্যমে তার ও মাদানীর মধ্যে সম্পর্কের একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে। তার বর্ণনা অনুযায়ী, ইমাম উদ্দিন তার বড় চাচার জামাতা হওয়ায় সম্পর্কে তার দুলাভাই। আবার ইমাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিয়ে করায় তিনি কাসেমীর শ্বশুরও হন।
অন্যদিকে, রফিকুল ইসলাম মাদানী বিয়ে করেছেন একই ইমাম উদ্দিনের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সেই হিসেবে ইমাম উদ্দিন ও মাদানী একে অপরের ভায়রা ভাই হিসেবে বিবেচিত হন। এই সম্পর্কের ধারাবাহিকতায় কাসেমী রসিকতার সুরে মন্তব্য করেন, “মাদানী ভাইও অবশেষে আমার শ্বশুর হয়ে গেলেন। কারণ, শ্বশুরের ভায়রা ভাই তো শ্বশুরই হন।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এবং ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের জন্ম দেয়।
এর আগে, নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, ধর্মীয় বিধান মেনে বৈধ পথেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, যা তাকে ব্যথিত করেছে।
তিনি আরও বলেন, দুই স্ত্রীর মধ্যে ন্যায়বিচার বজায় রেখে সংসার পরিচালনার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করছেন। মাদানীর এই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় কাসেমীর এই ‘শ্বশুর’ সম্পর্কের ব্যাখ্যা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কসমিক ডেস্ক