দৈনন্দিন জীবনে রান্না করা খাবার বা বাজারের জিনিস সংরক্ষণে ফ্রিজ একটি অপরিহার্য উপকরণ। তবে অনেক সময় সঠিকভাবে খাবার না রাখার কারণে দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের ভেতরের তাপমাত্রা সব জায়গায় একরকম নয়, তাই কোন খাবার কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে, তার ওপর নির্ভর করে খাবারের স্থায়িত্ব।
রান্না করা গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা ঠিক নয়। এতে খাবারের স্বাদ ও গুণমান নষ্ট হতে পারে। তাই আগে খাবার ঠান্ডা করে ঘরের তাপমাত্রায় আনতে হবে। এরপর ঢাকনাযুক্ত পাত্র বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা উচিত। খোলা পাত্রে খাবার রাখলে ফ্রিজে গন্ধ ছড়িয়ে পড়ে এবং অন্য খাবারও দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।
ফ্রিজে রাখা খাবার গরম করার ক্ষেত্রেও সচেতনতা জরুরি। অনেকেই একাধিকবার পুরো খাবার বাইরে বের করে রাখেন, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এতে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বাড়ে। তাই যতটুকু প্রয়োজন, শুধুমাত্র সেই পরিমাণ খাবার বের করে গরম করা নিরাপদ।
সবুজ শাক-পাতা সংরক্ষণের জন্য আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এরপর শুকনো কাগজ বা ন্যাপকিনে মুড়ে রাখলে অতিরিক্ত পানি শোষিত হয় এবং শাক দীর্ঘদিন সতেজ থাকে। প্রতিটি শাক আলাদা করে সংরক্ষণ করলে ভালো ফল পাওয়া যায়। জিপলক ব্যাগ ব্যবহার করলে শাক আরও বেশি সময় ভালো থাকে।
ফল ও সবজি সংরক্ষণের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। আপেল ও টমেটোর মতো কিছু ফল-সবজি থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়, যা অন্য সবজিকে দ্রুত পচিয়ে দিতে পারে। তাই এসব আলাদা করে রাখা উচিত। কাগজ বা কাপড়ের ব্যাগে সংরক্ষণ করলে এগুলোর স্থায়িত্ব বাড়ে।
সঠিক নিয়মে ফ্রিজ ব্যবহার করলে শুধু খাবার দীর্ঘদিন ভালো রাখা যায় না, বরং খাদ্যের অপচয়ও অনেকাংশে কমানো সম্ভব। ছোট ছোট এই অভ্যাসগুলোই দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে।