ঈদকে কেন্দ্র করে শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার আহ্বান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদকে কেন্দ্র করে শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ঈদকে কেন্দ্র করে শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার আহ্বান ছবির ক্যাপশন:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) সংগঠনটির সভাপতি আজহারুল হক আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সংগঠনটি জানায়, ঈদুল আজহা কেন্দ্র করে দেশের বাণিজ্যিক খাতে বিশেষ করে ফ্যাশন ও লাইফস্টাইল সেক্টরে বিক্রির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বছরের অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিক্রির সুযোগ পান।

এফইএবি’র পর্যবেক্ষণে বলা হয়েছে, শপিং মলগুলোর মোট বিক্রয়ের প্রায় ৬০ শতাংশ হয় সন্ধ্যার পর, যেখানে দিনের বেলায় বিক্রি তুলনামূলকভাবে কম থাকে। তীব্র গরম ও কর্মব্যস্ততার কারণে দিনের সময় ক্রেতা কম থাকায় মূল কেনাকাটার চাপ তৈরি হয় সন্ধ্যার পর।

বর্তমান সরকারি সময়সূচি অনুযায়ী শপিং মলগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হয়ে যায়। এতে বিক্রির গুরুত্বপূর্ণ সময় হাতছাড়া হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি। এর ফলে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন।

এফইএবি আরও জানায়, পাড়া-মহল্লার দোকান, রেস্টুরেন্ট, খোলা বাজার ও বিভিন্ন অস্থায়ী মেলা রাত পর্যন্ত চালু থাকায় শপিং মলের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছে।

এই বাস্তবতা বিবেচনায় সংগঠনটি প্রস্তাব করেছে যে শপিং মলগুলো দুপুর ১টা থেকে কার্যক্রম শুরু করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে। তাদের মতে, এতে একদিকে জ্বালানি সাশ্রয় আংশিকভাবে বজায় থাকবে, অন্যদিকে ঈদ মৌসুমে ব্যবসায়িক কার্যক্রমও সচল থাকবে।

সংগঠনটি মনে করে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড, নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতে কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

এফইএবি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে শপিং মলের সময়সূচি পুনর্বিবেচনা করে একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হোক, যাতে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মোহাম্মদ আমিরের বিশ্লেষণ: ভারত এখনো হট ফেবারিট নয়

মোহাম্মদ আমিরের বিশ্লেষণ: ভারত এখনো হট ফেবারিট নয়