হজরত শাহজালাল (রহ.) মাজার-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, ওরস উপলক্ষে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করা হয়েছে এবং মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কাজও পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকান সমবেত হন। তাই এ সময় সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিসিক প্রশাসক আরও জানান, মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।
ধর্মীয় অনুশাসন মেনে শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।
আগামী ৭ মে থেকে শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে বলে জানা গেছে।
কসমিক ডেস্ক