ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ২০ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ২০

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ২০ ছবির ক্যাপশন:

ঢাকার ধামরাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের দাবি, কমিটিতে পদ না পাওয়া এবং রাজনৈতিক স্বার্থে ক্ষুব্ধ একটি গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, নতুন কমিটি গঠনের ফলে কিছু গোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা এ ধরনের সহিংসতায় জড়িয়েছে। তিনি আরও দাবি করেন, দল কোনো ধরনের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডকে সমর্থন করে না।

অন্যদিকে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা পাল্টা অভিযোগ করে বলেন, পূর্বে স্থাপিত কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ বিষয়ে কথা বলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে তারা দাবি করেন।

উপজেলা শাখার সমন্বয়কারী ইস্রাফিল ইসলাম খোকন জানান, ঢাকা জেলা উত্তরের কমিটি গঠনের সময় স্থানীয় শাখাগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, যা নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। নতুন কার্যালয় উদ্বোধনের ঘোষণার পর সেই বিরোধ আরও তীব্র হয়।

এদিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু