সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, মঙ্গলবার ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।
কিওয়ার ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে।
তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যতদিন কাজ করানো হয়েছে, সেই সময়ের জন্য প্রযোজ্য সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। এ কারণে সময়সীমা শেষ হওয়ার আগেই কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া।
এ নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও উল্লেখ করা হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ এখনও কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
অন্যদিকে, ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা এবং ওয়ার্ক পারমিট—উভয়ই নবায়ন করতে হবে। কিওয়া আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত প্রবাসীদের নামও স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে।
এ ধরনের পরিস্থিতিতে কর্মীদের বৈধ কাগজপত্র ছাড়া কাজে রাখার সময়ের সব আর্থিক দায় নিয়োগকর্তার ওপরই বর্তাবে। তাই বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ, সময়মতো ওয়ার্ক পারমিট নবায়ন অথবা প্রয়োজনে কর্মীর সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কিওয়া।
কসমিক ডেস্ক