ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠনের নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে এসআই মো. মনির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন সময় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অভিযোগও তার বিরুদ্ধে উঠে এসেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর স্থানীয় একটি ডাকাতির ঘটনায়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় তিনি ‘টাইগার সোহেল’ নামে পরিচিত ছিলেন এবং তাকে কেন্দ্র করে এক ধরনের অপরাধমূলক প্রভাব বলয় গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন সময় বাজার কমিটির সভাপতির দায়িত্ব পান এবং এলাকায় প্রভাব বিস্তার করেন। তবে এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন বলে জানা গেছে।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এ ধরনের অভিযান এলাকার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক