নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সরকারি প্রটোকল উপেক্ষা করে তিনি সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নেন, যা স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) প্রতিমন্ত্রী উপজেলার ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের পর উপজেলা সদরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, ‘মন্ত্রীর গাড়ি থামিয়ে সরাসরি কবরস্থানে নেমে মরদেহ খাটিয়া থেকে কবরে নামানোর কাজে অংশ নেওয়া দেখে আমরা মুগ্ধ হয়েছি। কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।’
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, ‘একজন প্রতিমন্ত্রী সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নামবেন, এটা কল্পনাও করা যায় না। তার এই সাধারণ জীবনযাপন ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।’
স্থানীয়রা বলছেন, ‘পদের অহংকার ভুলে মাটির মানুষের পাশে এসে দাঁড়ানো এই দৃশ্য বর্তমান সময়ে বিরল। একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী, এরপর তিনি পুনরায় তার মূল গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানবিক কাজের ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় বইছে।
কসমিক ডেস্ক