চীন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। চীনা দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়তে বা চীনে ফিরে যেতে হবে।
শিনহুয়া বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নিতে বেইজিং একটি উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা করছে। এই অভিযানে মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে।
দূতাবাসের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা, পরিধি ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ফলে হতাহতের সংখ্যা ও সম্পদের ক্ষতি বাড়ছে। অনেক নাগরিক সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
চীনা দূতাবাস ইসরায়েলে থাকা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনাগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
কসমিক ডেস্ক