পেঁয়াজ উৎপাদন এলাকায় স্থাপন হবে ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন: প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পেঁয়াজ উৎপাদন এলাকায় স্থাপন হবে ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
পেঁয়াজ উৎপাদন এলাকায় স্থাপন হবে ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

পেঁয়াজ ও রসুনের অপচয় কমানো এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশের প্রধান প্রধান উৎপাদন এলাকায় ৮ হাজার বায়ুপ্রবাহ (এয়ার ফ্লো) মেশিন স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি পেঁয়াজ ও রসুন সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক করতে নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ ও রসুনের অপচয় রোধ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণ ব্যবস্থার আধুনিকায়নে সরকার ইতোমধ্যে বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে উৎপাদনের পর পণ্য নষ্ট হওয়ার পরিমাণ কমিয়ে কৃষকদের আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৫০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এসব মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষকরা দীর্ঘ সময় ধরে পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন।

এ ছাড়া ‘কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ শীর্ষক চলমান প্রকল্পের আওতায় পেঁয়াজ ও রসুন উৎপাদনকারী বিভিন্ন জেলায় ৯০০টি মডেল সংরক্ষণ ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি সংরক্ষণ ঘরের ধারণক্ষমতা ১০ থেকে ১২ টন।

সরকারপ্রধান জানান, এসব আধুনিক সংরক্ষণাগার কৃষকদের উৎপাদিত পেঁয়াজ ও রসুন দীর্ঘ সময় ভালো রাখতে সহায়তা করছে। একই সঙ্গে প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ এবং বাজারসংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংরক্ষণ প্রযুক্তির ব্যবহারের ফলে পেঁয়াজ ও রসুনের পচনশীলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হচ্ছে। এর ফলে কৃষকরা উৎপাদনের পরপরই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন না এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে ভালো দামে বিক্রির সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৯ হাজার কৃষকের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ‘বায়ুপ্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ নামে নতুন একটি প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ফরিদপুরসহ দেশের গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন এলাকাগুলোতে মোট ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপন করা হবে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ করা গেলে পেঁয়াজ ও রসুনের মৌসুমি সংকট কমবে। পাশাপাশি কৃষকরা উৎপাদন মৌসুমের বাইরে পণ্য বাজারজাত করে তুলনামূলক ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে যেমন কৃষকের লোকসান কমবে, অন্যদিকে বাজারে পেঁয়াজ ও রসুনের সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আকাশে লাল-সবুজের ইতিহাস, গিনেস রেকর্ডে বাংলাদেশের নাম

আকাশে লাল-সবুজের ইতিহাস, গিনেস রেকর্ডে বাংলাদেশের নাম