বগুড়া-৬ উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বগুড়া-৬ উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
বগুড়া-৬ উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছবির ক্যাপশন:

উত্তরের জেলা বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটে প্রথম দেড় ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কোথাও কোথাও ভোটের লাইনে কয়েকজন ভোটার দাঁড়িয়ে থাকলেও অনেক কেন্দ্রে ছিল প্রায় ফাঁকা চিত্র। বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

তবে গণমাধ্যমকর্মীদের তথ্যমতে, গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়বে।

প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা গেছে, প্রথম এক ঘণ্টায় অনেক কেন্দ্রে প্রায় শতাধিক ভোট পড়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর তুলনায় ভোটারদের আগ্রহ কিছুটা কম দেখা যাচ্ছে।

হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ জানান, তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২ জন। তিনি বলেন, সকাল থেকেই ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে।

নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন, ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী আসনটি ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
২০ বছর পর বরিশাল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

২০ বছর পর বরিশাল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান