প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। মধ্যাহ্নভোজের পাশাপাশি তারা জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগও পান।
মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু লেখাপড়ায় ভালো ফল করলেই হবে না, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের জ্ঞান, দক্ষতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রীর আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, জাতীয় সংসদ ভবনে এসে সংসদের কার্যক্রম সরাসরি দেখার পাশাপাশি সরকারপ্রধানের সঙ্গে একই আয়োজনে অংশ নেওয়া তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পান।
কসমিক ডেস্ক