বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে মালয়েশিয়া-তুরস্কসহ ১৬ দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে মালয়েশিয়া-তুরস্কসহ ১৬ দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে মালয়েশিয়া-তুরস্কসহ ১৬ দেশ ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটি থেকে ১৪ জনের একটি পর্যবেক্ষক দল আসছে, যার নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন।

পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। দেশটি থেকে ১২ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত একটি দল বাংলাদেশে আসবে। এই দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন পর্যবেক্ষক আসছেন। ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনবিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে।

কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। এই দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এ মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

এবারের নির্বাচনে জাতীয় সংসদের ৩০০টি আসনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে ‘জুলাই সংস্কার সনদ’ নিয়ে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলশানে তারেক রহমান–কানাডা হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে তারেক রহমান–কানাডা হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ