সাতক্ষীরায় বিকাশ কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাতক্ষীরায় বিকাশ কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
সাতক্ষীরায় বিকাশ কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালীগঞ্জে হামলার শিকার বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মী—প্রতীকী ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের এক কর্মীর ওপর হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান (৩৫) একটি বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে হামলা চালায়। ছিনতাইকারীরা রড দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর তাঁকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

হামলার সময় মোকলেছুর রহমান গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লস্কর ট্রেডার্স নামে বিকাশ ডিস্ট্রিবিউটরের মালিক জাকির হোসেন লস্কর জানান, তাঁর কর্মচারী মোকলেছুর রহমান বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে কৃষ্ণনগর বাজারে যাচ্ছিলেন। তাঁর কাছে প্রায় ১০ লাখ টাকা ছিল। পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাঙামাটিতে এনসিপির সাত নেতার একযোগে পদত্যাগ

রাঙামাটিতে এনসিপির সাত নেতার একযোগে পদত্যাগ