হীরা ও সোনায় মোড়ানো লেগো বিশ্বকাপ ট্রফি উন্মোচন, মূল্য ছাড়াল এক কোটি টাকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হীরা ও সোনায় মোড়ানো লেগো বিশ্বকাপ ট্রফি উন্মোচন, মূল্য ছাড়াল এক কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
হীরা ও সোনায় মোড়ানো লেগো বিশ্বকাপ ট্রফি উন্মোচন, মূল্য ছাড়াল এক কোটি টাকা ছবির ক্যাপশন:

ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রতীকগুলোর একটি ফিফা বিশ্বকাপ ট্রফি এবার নতুন এক রূপে হাজির হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি জুয়েলারি প্রতিষ্ঠান বিশ্বকাপ ট্রফির এমন একটি সংস্করণ উন্মোচন করেছে, যা একদিকে যেমন লেগো ব্লক দিয়ে তৈরি, অন্যদিকে তেমনি হীরা ও সোনার অলংকরণে পরিণত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিলাসবহুল শিল্পকর্মে।

বিশেষ এই ট্রফির মূল্য ধরা হয়েছে ৮২ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৮৫ হাজার টাকা। মূল্য ও কারুকাজের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল লেগো-ভিত্তিক ট্রফি হিসেবে আলোচনায় এসেছে।

জানা গেছে, ট্রফিটির মূল কাঠামো তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল লেগো সংস্করণের আদলে। এতে ব্যবহার করা হয়েছে মোট ২ হাজার ৮৪২টি লেগো ব্লক। সাধারণভাবে বাজারে এই লেগো মডেলের মূল্য প্রায় ২০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার টাকার সমান।

তবে দুবাইয়ের স্বর্ণ ও হীরার কারিগর হেমন্ত করমচাঁদানি এই সাধারণ লেগো ট্রফিকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছেন। তার ১০ বছর বয়সী ছেলে যশ করমচাঁদানি মাত্র তিন দিনের মধ্যে লেগো ব্লক ব্যবহার করে ট্রফিটির মূল কাঠামো নির্মাণ করে। এরপর শুরু হয় সেটিকে বিলাসবহুল শিল্পকর্মে রূপান্তরের কাজ।

প্রায় ৩৫ দিন ধরে দক্ষ কারিগররা ট্রফিটির প্রতিটি অংশে সূক্ষ্মভাবে কাজ করেন। ট্রফির বিভিন্ন স্থানে হাতে বসানো হয়েছে ৯০০টিরও বেশি হীরা। পাশাপাশি অনেক প্লাস্টিক অংশের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনার বিশেষভাবে তৈরি উপাদান। ফলে সাধারণ লেগো মডেলটি পরিণত হয়েছে এক অনন্য সংগ্রহযোগ্য শিল্পবস্তুতে।

দুবাইয়ের বিখ্যাত গোল্ড অ্যান্ড ডায়মন্ড পার্কে অবস্থিত প্যাশন জুয়েলার্সের ৬৫ জন কারিগর এই প্রকল্পে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ট্রফিটি বাস্তবায়িত হয়েছে। কারিগরদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল লেগোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আকৃতি ও পরিমাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার অংশ তৈরি করা এবং সেগুলো নিখুঁতভাবে সংযোজন করা।

বর্তমানে ট্রফিটি প্যাশন জুয়েলার্সের শোরুমে জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। দর্শনার্থীদের মধ্যে এটি ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিশেষ করে ফুটবলপ্রেমী, লেগো সংগ্রাহক এবং বিলাসবহুল শিল্পকর্মের অনুরাগীদের কাছে ট্রফিটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক কারুশিল্প, মূল্যবান রত্ন এবং জনপ্রিয় সংস্কৃতির সমন্বয়ে তৈরি এই ট্রফি বিলাসপণ্যের জগতে নতুন একটি উদাহরণ। ফুটবল বিশ্বকাপের আবেগ, লেগোর সৃজনশীলতা এবং গয়না শিল্পের নিখুঁত কারুকাজকে একসঙ্গে ধারণ করায় এটি শুধু একটি প্রদর্শনী বস্তু নয়, বরং সমকালীন বিলাসী শিল্পেরও একটি অনন্য নিদর্শন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল