রাজবাড়ী সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা প্রায় সোয়া ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে যান। ট্রাক থেকে নেমে তিনি ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন।
একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও তার ট্রাকটি সিরিয়ালে রেখে ওই ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন।
ঘটনার সময় একটি মাহেন্দ্র গাড়ি ওই মেশিন থেকে তেল নিচ্ছিল।
এ সময় হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে ফিলিং স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। ট্রাকটি পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয় এবং সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ফিলিং স্টেশন এলাকায় জড়ো হন।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।
তবে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কসমিক ডেস্ক