কুড়িগ্রামে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
কুড়িগ্রামে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ এবং ভোটারদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনের ছবি নজরে আসে। অনেক ভোটার জানিয়েছেন, এতো মানুষ একসঙ্গে ভোট দিতে আসা আগে দেখেননি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি কেন্দ্রের ভেতর ও বাইরে। ভোটকেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর। কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচপীর ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪৬৮ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে ৩০৮টি ভোট পড়েছে।

সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। অনেক পুরুষ ভোটার তখনো কেন্দ্রে আসেননি। ভোট দিতে আসা ৭৪ বছর বয়সী মমেনা বেওয়া জানান, পাকিস্তান সরকারের সময় প্রথমবার ভোট দেন তিনি। এরপর ম্যালা নির্বাচনে ভোট দিয়েছেন। তবে এত মানুষের একসঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিতি তিনি আগে দেখেননি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করেছেন।

দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আকলিমা বেগম বলেন, তিনি সকালে রান্না শেষ করে ভোট দিতে এসেছেন। তার স্বামী দুপুরে জমিতে ধান লাগানোর পর ভোট দেবেন। কিছু কিছু কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করতে আনসার সদস্যদের তৎপর দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহলও ছিল চোখে পড়ার মতো।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুড়িগ্রাম জেলার ৭০৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার সংসদীয় আসন সংখ্যা চারটি। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৪৫ হাজার ৭১৪ জন, নারী ভোটার ৯ লাখ ৫৪ হাজার ২০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।

কুড়িগ্রামে ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্ত ভোটদান, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের উৎসাহ ও দায়িত্ববোধের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দিনভর ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধ

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধ