নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ দক্ষিণি সুপারস্টার ইয়াশ-এর বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা কিয়ারা আদভানি। মা হওয়ার পর এটি কিয়ারার অন্যতম বড় পর্দার কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গিতে গভীর পরিবর্তন এনেছে। গত বছরের জুলাই মাসে মা হওয়ার পর তিনি নিজেকে আরও আত্মবিশ্বাসী ও দৃঢ় মনে করছেন। তাঁর ভাষায়, “মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি।” তিনি আরও বলেন, এখন অনেক বিষয়কেই আর আগের মতো গুরুত্ব দিতে ইচ্ছে করে না, তবে সন্তানের সঙ্গে সম্পর্কিত ছোট বিষয়গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পর্দায় সাধারণত শান্ত ও মিষ্টি চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে এখন অনেক বেশি শক্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কিয়ারা। এই পরিবর্তন তার অভিনয়েও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সম্প্রতি প্রকাশিত সিনেমার একটি পোস্টার নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা আলোচনা তৈরি হয়েছে, যেখানে ইয়াশ-এর কোলে কিয়ারা আদভানি-কে বসে থাকতে দেখা যায়। তবে এ বিতর্ক নিয়ে নির্মাতা বা অভিনেত্রী কেউই বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
ছবির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রটির জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। তার মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের গভীর মানবিক আবেদন রয়েছে, যা এই চরিত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
পরিচালক আরও বলেন, সিনেমার সব সিদ্ধান্ত সবসময় যুক্তি দিয়ে নেওয়া যায় না; অনেক সময় অনুভূতির ওপর নির্ভর করেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই একটি সিদ্ধান্ত ছিল।
কসমিক ডেস্ক