ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে একদিনের জন্য দুই দেশের মধ্যকার স্থলবাণিজ্য কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সরকারি ছুটির কারণে আজ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হচ্ছে না। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং পণ্য খালাস সংক্রান্ত অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলমান আছে।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকায় আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন শাখার ওসি শাখাওয়াত হোসেন জানান, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। যাত্রী পারাপারে কোনো ধরনের বিঘ্ন ঘটছে না।
উল্লেখ্য, ভারতীয় সরকারি ছুটির দিনগুলোতে নিয়মিতভাবেই বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকে।