সীমান্তে শকুনদের আনাগোনা দেখছি: মামুনুল হক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীমান্তে শকুনদের আনাগোনা দেখছি: মামুনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
সীমান্তে শকুনদের আনাগোনা দেখছি: মামুনুল হক ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সীমান্ত এলাকায় আবারও ‘শকুনদের’ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে—যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে এবং যাদের জেলখানায় থাকার কথা, তারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়েই জনগণের প্রশ্ন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের মনোভাব বদলে গেছে এবং মানুষ এখন অনেক বেশি সাহসী হয়ে উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মামুনুল হক বলেন, শহীদদের রক্তের বিনিময়ে যাদের বিতাড়িত করা হয়েছিল, সেই সন্ত্রাসী রাজনীতিনির্ভর গোষ্ঠীগুলো আবার প্রকাশ্যে সক্রিয় হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যাদের বিরুদ্ধে একের পর এক মামলা রয়েছে, তারা কীভাবে আবার হুংকার দিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে।

বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, কিছু দল মনে করে তাদের বাদ দিয়ে বাংলাদেশ চলবে না। অথচ জুলাই বিপ্লব প্রমাণ করেছে—কোনো বড় দল বা বড় রাজনৈতিক নেতার প্রয়োজন ছাড়াই জনগণ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন ঘটাতে পারে। তার ভাষায়, জুলাই যোদ্ধারাই দেশবাসীকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, এ দেশের মানুষ প্রায় ২১৪ বছর ধরে শোষণের শিকার হয়েছে। ব্রিটিশ শাসন, জমিদারি ব্যবস্থা, দিল্লির আগ্রাসন ও পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও শোষণের অবসান ঘটেনি। তার মতে, স্বাধীনতার পর শাসক বদলালেও শোষণের ধরন বদলায়নি।

তিনি বলেন, স্বাধীনতার পর মানুষ ভেবেছিল আর শোষিত হতে হবে না। কিন্তু গত ৫৪ বছর ধরে দেশি শাসকদের হাতেই মানুষ আবার শোষিত হচ্ছে। এ কারণেই জনগণ এবার লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতিকে ‘না’ বলার শপথ নিয়েছে।

মামুনুল হক আরও বলেন, এ কারণেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১১ দলীয় জোটের পক্ষে জনতার ঢল নেমেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম—যারা দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল—এবার পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে। তার মতে, এবারের নির্বাচন হবে ভাতের অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।

শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মাদারীপুর-১ আসনে ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমানসহ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, এনসিপি ও গণ-অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কারওয়ান বাজারে গুলিতে নিহত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা

কারওয়ান বাজারে গুলিতে নিহত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা