ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে আলোচিত যুবক এরফান সোলতানি মুক্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে আলোচিত যুবক এরফান সোলতানি মুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে আলোচিত যুবক এরফান সোলতানি মুক্ত ছবির ক্যাপশন:

গত মাসে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী ইরানি যুবক এরফান সোলতানি জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার তার আইনজীবী ও একাধিক মানবাধিকার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

এরফান সোলতানিকে ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমাঞ্চলের ফারদিস শহর থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় দেশজুড়ে বিক্ষোভ চলছিল এবং সরকার কঠোর দমন-পীড়ন শুরু করে। নরওয়ে-ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, গ্রেপ্তারের পর কর্তৃপক্ষ তার পরিবারকে জানায় যে কয়েক দিনের মধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।

তবে পরবর্তীতে ইরানের বিচার বিভাগ জানায়, এরফান সোলতানির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কোনো রায় হয়নি। তার বিরুদ্ধে কেবল নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগে কারাদণ্ডের মেয়াদ নির্ধারণের বিষয়টি বিচারাধীন রয়েছে।

এরফান সোলতানির আইনজীবী আমির মুসাখানি জানান, শনিবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জামিনের পরিমাণ নির্ধারণ করা হয় দুই বিলিয়ন তোমান, যা প্রায় ১২ হাজার ৬০০ মার্কিন ডলারের সমপরিমাণ। মুক্তির সময় তার মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এরফান সোলতানির গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেন, কোনো সামরিক বা রাজনৈতিক আক্রমণ আঞ্চলিক সংঘাতের সূচনা করতে পারে।

এর আগে জানুয়ারিতে ইরান সরকার বিদেশি সংবাদ সংস্থার প্রতিবেদনগুলোকে ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই অস্থিরতায় এখন পর্যন্ত ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১৭ হাজার মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (IHR) জানিয়েছে, চূড়ান্ত সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেছেন, বিক্ষোভকারীরা পুলিশ, আইআরজিসি, ব্যাংক ও মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। সরকার এসব ঘটনাকে নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হারানো অস্ত্র উদ্ধার বড় চ্যালেঞ্জ : নির্বাচন কমিশনার সানাউল্

হারানো অস্ত্র উদ্ধার বড় চ্যালেঞ্জ : নির্বাচন কমিশনার সানাউল্