পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রশাসক বলেন, “আমাদের লক্ষ্য হলো—কেন্দ্রীয় ঈদ জামাতে আগত মুসল্লিদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়। নারী-পুরুষ সবাই যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ডিএনসিসির পক্ষ থেকে এবার রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা স্টিলের স্ট্রাকচার ব্যবহার করে শেড নির্মাণ করেছি, যাতে বৃষ্টির মধ্যেও মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।”
ঈদ জামাতে নারী মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। তাদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে এবং আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রশাসক জানান, কেন্দ্রীয় ঈদ জামাতে প্রায় ১০ হাজার মুসল্লির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এর বেশি মানুষ উপস্থিত হলেও যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়, সে ধরনের প্রস্তুতিও রাখা হয়েছে।
তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিতে প্রবেশপথে আর্চওয়ে বসানো হবে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।”
এছাড়া পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন এই কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ জামাত উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাও সমন্বিতভাবে পরিচালনা করা হবে।
সার্বিকভাবে, কেন্দ্রীয় ঈদ জামাতকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে ডিএনসিসি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কসমিক ডেস্ক