তিন দেশে একসাথে বিশ্বকাপ উদ্বোধন, কোথায় কী হচ্ছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিন দেশে একসাথে বিশ্বকাপ উদ্বোধন, কোথায় কী হচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
তিন দেশে একসাথে বিশ্বকাপ উদ্বোধন, কোথায় কী হচ্ছে ছবির ক্যাপশন:

বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো একক কোনো দেশ নয়, বরং তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—মিলে আয়োজন করছে আসরটি। আর এই বহুজাতিক আয়োজনের কারণে উদ্বোধনী অনুষ্ঠানও হচ্ছে তিনটি আলাদা ভেন্যুতে, ভিন্ন ভিন্ন সময়ে।

মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠান হবে রাজধানী মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। এর প্রায় ৯০ মিনিট পর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো, যেখানে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি, আদিবাসী শিল্প এবং ঐতিহ্যবাহী কাগজশিল্প ‘পাপেল পিকাডো’র মাধ্যমে দেশটির ঐতিহ্য তুলে ধরা হবে। অনুষ্ঠানটির স্থায়িত্ব হবে প্রায় ১৬ থেকে ১৭ মিনিট।

এবারের বিশ্বকাপে মেক্সিকোর অংশগ্রহণ শুধু মাঠেই নয়, আয়োজনের কেন্দ্রবিন্দুতেও রয়েছে। এ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম বিশ্বকাপ শুরুর দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন। একই সঙ্গে অনেক সরকারি কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বড় পরিসরের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কানাডায়। টরন্টোর টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। এর পরে রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে দেশটির গৌরবময় ক্রীড়া ইতিহাস ও সাংস্কৃতিক উপস্থাপনা। এই অংশেও অনুষ্ঠানের দৈর্ঘ্য প্রায় ১৩ মিনিট নির্ধারণ করা হয়েছে।

কানাডার মঞ্চে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক শিল্পী। তাদের মধ্যে থাকবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, এলিয়ানা, সঞ্জয় (বাংলাদেশি বংশোদ্ভূত), ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রে। এটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায়। এরপর সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিশাল ভিজ্যুয়াল শো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশনা।

এই আয়োজনে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলারের মতো বিশ্বখ্যাত তারকারা। প্রতিটি আয়োজনেই আলাদা থিম এবং ভিন্ন সাংস্কৃতিক গল্প তুলে ধরা হবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফুটবল ভক্তদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। বিশেষ করে ২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পারফরম্যান্সের পর থেকে উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবার তিন দেশে আলাদা আলাদা আয়োজন সেই উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়েছে।

তিন ভেন্যুতে ভিন্ন সময় ও ভিন্ন সংস্কৃতির এই উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপ ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ