কুষ্টিয়া-৩ (সদর) সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের তাকিমারা এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির ওই নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ও প্যান্ডেল পুড়ে গেছে বলে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা বলেন, রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশপাশে আরও কয়েকজন লোক ছিল বলে তিনি দাবি করেন। আগুন দেওয়ার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে মুখ বাঁধা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান অভিযোগ করে বলেন, বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।