পুলিশ-গ্রেপ্তার প্রসঙ্গে বক্তব্য, জামালপুরে নির্বাচন ঘিরে উত্তাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পুলিশ-গ্রেপ্তার প্রসঙ্গে বক্তব্য, জামালপুরে নির্বাচন ঘিরে উত্তাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
পুলিশ-গ্রেপ্তার প্রসঙ্গে বক্তব্য, জামালপুরে নির্বাচন ঘিরে উত্তাপ ছবির ক্যাপশন:
ad728

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ওই বক্তব্যে তিনি আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের গ্রেপ্তার না করা এবং তাদের নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলার দাবি করেন।

গত সোমবার রাতে দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ী রাহমানি মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা যায়, এম রশিদুজ্জামান মিল্লাত আওয়ামী সমর্থকদের উদ্দেশে বলেন, থানায় বলে দেওয়া হয়েছে যাতে আওয়ামী সমর্থকদের গ্রেপ্তার বা হয়রানি করা না হয় এবং তারা নিশ্চিন্তে ভোট দিতে পারেন। একই সঙ্গে তিনি বিএনপির সঙ্গে থাকার এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ভোটারদের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি ‘টক অব দ্য ডিস্ট্রিক্ট’-এ পরিণত হয়েছে। প্রকাশ্য নির্বাচনী সভায় আওয়ামী লীগকে দায়মুক্তির আশ্বাস দিয়ে ভোট আহ্বানের ঘটনায় অনেক ভোটার বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ, সাধারণ ভোটার ও জুলাই যোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে বিএনপির এই বক্তব্যের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ প্রকাশ্যে বের হয়ে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার কার্যক্রমে অংশ নিচ্ছেন। এর ফলে জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের প্রবণতা বাড়ছে বলে স্থানীয়রা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতাকর্মী বলেন, বর্তমানে আওয়ামী লীগ মাঠে সক্রিয় নয়। আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে হামলা-মামলার আশঙ্কা রয়েছে। বিএনপির পক্ষে কাজ করলে এসব ঝামেলা এড়ানো সম্ভব—এই বিবেচনা থেকেই তারা বিএনপির নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা বলেন, বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপির পক্ষে নির্বাচনী কাজ করছেন। তবে যাদের দ্বারা বিএনপির কোনো ক্ষতি হয়নি এবং স্থানীয় বিএনপি নেতাদের অনুমোদন রয়েছে, কেবল তারাই দলে যুক্ত হতে পারবেন।

অন্যদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদীন তূর্য। তিনি বলেন, এভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চলতে থাকলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।

জামালপুর-১ আসনে জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যুক্ত করছেন, যা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। সর্বদলীয় অঙ্গীকারনামায় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা থাকলেও সেই অঙ্গীকার ভঙ্গ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দেওয়ানগঞ্জ থানার ওসির প্রত্যাহার দাবি করেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার না করার বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি। পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবেদ সাদেক বলেন, পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে না—এমন বক্তব্য সম্পূর্ণ মনগড়া। অপারেশন ডেভিল হান্টের আওতায় জামালপুরে সর্বোচ্চ সংখ্যক গ্রেপ্তার হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, পুলিশের কাজেই এর প্রমাণ পাওয়া যাবে।

বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিজার্ভে ইতিবাচক গতি, গ্রস মজুদ ৩৩ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভে ইতিবাচক গতি, গ্রস মজুদ ৩৩ বিলিয়ন ডলারের ঘরে