চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, তিন টার্মিনালে কার্যক্রম ব্যাহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, তিন টার্মিনালে কার্যক্রম ব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, তিন টার্মিনালে কার্যক্রম ব্যাহত ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা শ্রমিক–কর্মচারীদের অপারেশনাল কর্মবিরতিতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। শনিবার সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

বন্দরে কর্মরত স্থায়ী কর্মচারী এবং বন্দরে নিয়োজিত বেসরকারি শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে পণ্য ও কনটেইনার পরিচালনা কার্যক্রমে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে।

জানা গেছে, এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। একই দাবিতে আগামী রোববারও আট ঘণ্টা প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচি শুরু হওয়ার পর চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আসা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কাজ সীমিত পরিসরে চলমান রয়েছে।

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)-এর সভাপতি ফজলে একরাম চৌধুরী জানান, জেনারেল কার্গো বার্থে শ্রমিক বুকিংয়ের চেষ্টা করেও কোনো শ্রমিক পাওয়া যায়নি। পাশাপাশি যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ না দেওয়ায় সেখানে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, ঘোষিত কর্মসূচিতে শ্রমিক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটে বেহেশতের টিকিটের লোভ দেখাচ্ছে একটি দল: দুলু

ভোটে বেহেশতের টিকিটের লোভ দেখাচ্ছে একটি দল: দুলু