সরকারে গেলে কোনো অঞ্চলের সঙ্গে বৈষম্য করা হবে না : তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকারে গেলে কোনো অঞ্চলের সঙ্গে বৈষম্য করা হবে না : তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
সরকারে গেলে কোনো অঞ্চলের সঙ্গে বৈষম্য করা হবে না : তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না। শুধু বগুড়া নয়, সমগ্র দেশের উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করা হবে। একই সঙ্গে বগুড়াবাসীকেও সারাদেশের নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নিজের এলাকায় এসে কথা বলতে গিয়ে তিনি অনেকটাই আবেগ অনুভব করছেন। রাজনীতিতে সক্রিয় থাকার পেছনে পরিবারের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, স্ত্রী ডা. জোবাইদা রহমানের সহযোগিতা না পেলে এত দীর্ঘ সময় রাজনীতিতে যুক্ত থাকা সম্ভব হতো না। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে দোয়া চান, যেন তারা তাকে নিয়ে গর্ব করতে পারেন।

বগুড়ার উন্নয়নে অতীতের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রায় ১৯ বছর আগে বগুড়ায় এসে যে উন্নয়ন পরিকল্পনার কথা বলেছিলেন, সেগুলোর বাস্তবায়নে তিনি চেষ্টা করেছেন। বনানী-মাটিডালি সড়ক প্রশস্তকরণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন এবং গ্যাস সংযোগসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে গেলে চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনোভাবেই যেন দল বা সরকারের কারণে বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বগুড়ার ন্যায্য অধিকার আদায় করা হবে উল্লেখ করে তিনি বলেন, অন্য কোনো অঞ্চলের অধিকার ক্ষুণ্ন করে নয়, বরং ন্যায়সংগত পথেই সেই অধিকার নিশ্চিত করা হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যেভাবেই হোক দুর্নীতির ‘টুটি চেপে ধরতে হবে’। দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভায় বগুড়া জেলার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাও বক্তব্য দেন। পরে তারেক রহমান বগুড়ার ছয়টি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য, উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে রাজশাহী ও নওগাঁ জেলা সফর শেষে রাত ১১টা ৫০ মিনিটে বগুড়ার জনসভায় উপস্থিত হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। জনসভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মূল্যস্ফীতি থেকে ঋণের বোঝা—অর্থনীতিতে বাড়ছে ঝুঁকি

মূল্যস্ফীতি থেকে ঋণের বোঝা—অর্থনীতিতে বাড়ছে ঝুঁকি