দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নীলফামারী ও দিনাজপুর অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে নীলফামারী জেলা বিএনপির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তারেক রহমান সকাল ৯টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে দিনাজপুরের উদ্দেশে রওনা দেওয়া হবে।
সৈয়দপুর শহর অতিক্রম করে তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় যাবেন।
সেখানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এ কর্মসূচির অংশ হিসেবে ভার্চুয়ালি দেশের আরও ৫৩টি জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং স্থানীয় জলাবদ্ধতা নিরসনে সহায়তা করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার পরিবারের কয়েকজন সদস্যের কবর জিয়ারত করবেন।
তার মধ্যে রয়েছেন তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়রা।
পারিবারিক এই কর্মসূচি শেষে তিনি দিনাজপুর সফরের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানা গেছে।
তার এই সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে তার আগমন উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফরকে ঘিরে দলের নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। তারা আশা করছেন, এই কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখননের কাজকে আরও গতিশীল করবে।
কসমিক ডেস্ক