যিনি জিতবেন, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যিনি জিতবেন, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
যিনি জিতবেন, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষ নেবে না এবং নির্বাচনের ফল বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, নির্বাচনে যে দল বা জোট জয়ী হবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। ভোটের ফল নির্ধারণ করবে এই দেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে।”

বুধবার সকালে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হন। সকাল ১১টা ৫০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের পাশাপাশি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধিদলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং ফিরোজ আহমেদ অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করে আসছেন।

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করার একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে

গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে