সীমান্তে কাঁটাতার নির্মাণে গতি আনতে পশ্চিমবঙ্গ সরকারকে হাইকোর্টের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীমান্তে কাঁটাতার নির্মাণে গতি আনতে পশ্চিমবঙ্গ সরকারকে হাইকোর্টের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
সীমান্তে কাঁটাতার নির্মাণে গতি আনতে পশ্চিমবঙ্গ সরকারকে হাইকোর্টের নির্দেশ ছবির ক্যাপশন:
ad728

ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। শুনানিকালে আদালত স্পষ্টভাবে জানায়, যেসব জমির জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ প্রদান করেছে, সেগুলো দ্রুত বিএসএফের হাতে বুঝিয়ে দিতে হবে।

দীর্ঘদিন ধরে ভারত–বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ বেড়াহীন থাকায় সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়টি নিয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে আইনি জটিলতাও চলছিল। কেন্দ্রের অভিযোগ ছিল, অর্থ বরাদ্দ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার জমি অধিগ্রহণ ও হস্তান্তরে অযথা বিলম্ব করছে।

শুনানিকালে প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জমি অধিগ্রহণে এত ধীরগতি কেন—তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা রাজ্য সরকার দিতে পারেনি। আদালত এ অবস্থাকে উদ্বেগজনক বলে মন্তব্য করে।

হাইকোর্ট স্পষ্ট করে জানায়, ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে এই প্রক্রিয়া দীর্ঘায়িত করা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সীমান্তের স্পর্শকাতরতা বিবেচনায় রাজ্য সরকারের নিষ্ক্রিয়তাকে আদালত গুরুতর বিষয় হিসেবে দেখছে বলে জানান বিচারপতিরা।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে রাজ্য সরকারকে অর্থ প্রদান করেছে। তবে কিছু এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন না পাওয়ায় কাজ আটকে আছে।

এই প্রেক্ষাপটে আদালত কেন্দ্র ও রাজ্য—উভয় পক্ষকে নির্দেশ দিয়েছে, যেসব এলাকায় এখনও অনুমোদন মেলেনি সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণ করা সম্ভব কি না, সে বিষয়ে হলফনামা জমা দিতে।

মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ এপ্রিল। হাইকোর্টের এই নির্দেশকে সীমান্ত নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারত–বাংলাদেশ উত্তেজনার প্রেক্ষাপটে ভিসা কার্যক্রম স্থগিত

ভারত–বাংলাদেশ উত্তেজনার প্রেক্ষাপটে ভিসা কার্যক্রম স্থগিত