ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার (২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে তাকে এবং তার সহযোগী আলমগীর হোসেনকে হাজির করা হয়।
আদালত প্রাঙ্গণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফয়সাল বলেন, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তার এই বক্তব্য মামলাটিকে নতুন করে আলোচনায় এনেছে।
এর আগে, গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে বিচারক তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত সংস্থার দাবি ছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। তবে আদালতে হাজির হওয়ার সময় ফয়সালের বক্তব্যে সেই অবস্থান থেকে ভিন্নতা দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় এরই মধ্যে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যার ভিত্তিতেই ফয়সাল ও আলমগীরের নাম সামনে আসে বলে জানা গেছে।
বর্তমানে ভারতীয় তদন্ত সংস্থাগুলো খতিয়ে দেখছে, কীভাবে তারা দীর্ঘ সময় পশ্চিমবঙ্গে আত্মগোপনে ছিল এবং এই হত্যাকাণ্ডের পেছনে কোনো আন্তর্জাতিক সংযোগ রয়েছে কি না। শুনানি শেষে আদালত তাদের পরবর্তী জেল হেফাজত বা রিমান্ড সংক্রান্ত সিদ্ধান্ত দেবেন।
কসমিক ডেস্ক