যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু ছবির ক্যাপশন:

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোলেমান দেওয়ান (৪৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমান দেওয়ান পেশায় স্টিলের আলমারি তৈরির মিস্ত্রি ছিলেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ দেওয়ানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের শ্যালক লিটন বেপারী জানান, পরিচিত এক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন সোলেমান। ওই রোগীকে হাসপাতালে ভর্তি করার পর তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। শনির আখড়া এলাকায় পৌঁছানোর পর জানতে পারেন, হাসপাতালে ভর্তি করা রোগীটি মারা গেছেন। এরপর তিনি আবার হাসপাতালে ফেরার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কাভার্ড ভ্যানটি জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বান্দরবানে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার