জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হয়েছে দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের এক বর্ণাঢ্য আয়োজন। এ আয়োজনে ৪২ ধরনের দেশি ফল প্রদর্শিত হয়, যা ক্লাব সদস্য ও তাদের পরিবারের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধনী পর্বে জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। পরে পুরো অনুষ্ঠানটি ফল প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় রূপ নেয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ফল উৎসব ও সংগীত পরিবেশনা উপভোগ করেন।
প্রদর্শিত দেশি ফলের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন ফল, জামরুল, তাল, লিচু, হাঁড়িভাঙ্গা আম, বিলাতি গাব, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, লেবু, বাতাবিলেবু, মাখনা, তালের শাঁস ও দেশি খেজুরসহ নানা জাতের ফল।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ অন্যান্য সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বাড়ায় না, বরং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকেও নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।
কসমিক ডেস্ক