টানা কয়েক দিনের বৃষ্টির ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং অফিসগামীসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে সতর্ক করে জরুরি বার্তা দিয়েছে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ।
সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। সকাল থেকেও বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে এবং এর প্রভাব যান চলাচলের ওপর পড়ছে।
পুলিশ জানায়, বনানী কবরস্থানের পেছনের ঢাকা গেটসংলগ্ন মূল সড়কের ইনকামিং ও আউটগোয়িং—উভয় দিকেই পানি জমে রয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।
এছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র্যাম্প এলাকাতেও হালকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। একই সঙ্গে ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনের গতি কমে গেছে।
অন্যদিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন সংক্রান্ত চলমান কাজের কারণেও যান চলাচলে অতিরিক্ত ধীরগতি দেখা যাচ্ছে। ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের আশঙ্কা রয়েছে।
ট্রাফিক পুলিশের বার্তায় আরও বলা হয়েছে, সোমবার সকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত থাকায় উল্লেখিত এলাকাগুলোতে যান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে। তাই সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় কিছুটা আগেভাগে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে নিচু এলাকায় পানি জমে থাকায় যানজটের পাশাপাশি অনেক স্থানে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করে চলাচল করলে ভোগান্তি কিছুটা কমতে পারে।
কসমিক ডেস্ক