দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানিয়ে বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার একটি কৌশল নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক। তাঁর ভাষায়, একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হয়।
ববি হাজ্জাজ আরও বলেন, সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। এ বিষয়ে কারাতে সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতাও কামনা করেন।
তিনি উল্লেখ করেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ, মানবিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাঁদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক