রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ২৯ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, চারটি চাকু, ৮০টি সিমকার্ড, পাঁচটি মোবাইল চার্জার এবং দুটি মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি অপরাধ দমনে বিশেষ নজর দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের দাবি, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক