আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রটিতে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্ধারিত সময় অনুযায়ী স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিনদিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুইটি আর নেই। বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ করে সবাই চলে যান। তিনদিন পর এসে দেখা যায়, ভোটের জন্য স্থাপন করা দুইটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনাটির প্রতিক্রিয়ায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা। তার মতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, যারা নির্বাচনে অনিয়ম বা ভোটকেন্দ্রে অস্থিরতা সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক তৎপরতার অংশ হতে পারে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, ঘটনাটি তার জানা আছে এবং এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।